
স্টাফ রিপোর্ট:
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী তাজ উদ্দিন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে এ হত্যা মামলাটি দায়ের করেন (মামলা নং-১৪/ ২৮-০৮-২০২৪ইংরেজি)নিহত তাজ উদ্দিনের স্ত্রী মোছা: রুলী বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এ মামলায় সাবেক এমপি নাহিদকে প্রধান আসামী করে ২৮জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় এজহার ভুক্ত আসামীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব সহ মোট ২৮জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম। এছাড়াও আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গৌছ উদ্দিন, মিনহাজ উদ্দিন, নজমুল ইসলাম, সানি আহমদ, হাছান আহমদ নিহতের ঘটনায় আরো পৃথক ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলা শুধু আদালতে দায়ের করা হয়।