
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ও থানা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আহমদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর। প্রবাসী শাহজাহান উপজেলার দত্তরাইল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। গতকাল (২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ও গোলাপগঞ্জ থানা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আহমদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সরকারের অন্য উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান পোস্ট শেয়ার করেন এবং লন্ডনে ইউনুস সরকারের বিরুদ্ধে কয়েকটি বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ফেসবুকে ছবি আপলোড করেন। এর জের ধরে কেউ কেউ তার ফেসবুকে পোস্টে ও ইনবক্সে নানা ধরনের হুমকিও দিয়েছেন। পরবর্তীতে গতকাল (২৩ এপ্রিল) বাড়িতে এই হামলা ও ভাংচুর হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
শাহজাহানের পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাপগঞ্জ উপজেলার কয়েকজন সমন্বয়ক ও স্থানীয় বিএনপি জামাতের কিছু কর্মীরা এসে প্রবাসী শাহজাহানকে খুঁজেন। এসময় তারা হুমকি দিয়ে বলেন, প্রবাসে অবস্থান করে এসব লেখালেখি বন্ধ না হলে দেশে থাকা পরিবারের সদস্যদের দেখেনিব। এসময় উশৃংখল কয়েকটি ছেলে বাড়ির বেশকিছু আসবাপত্র ভাংচুর করে রেখে যায়।
এবিষয়ে উপজেলা বিএনপি-জামাত নেতারা মন্তব্য করতে রাজি নন এবং গোলাপগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।